চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া লোহারপুল এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন ওরফে রানা (২৮)। তাঁর বাড়ি ফেনীর পরশুরাম থানার দক্ষিণ গুতুমা এলাকায়। দেলোয়ার পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। পুলিশ সূত্র জানায়, হত্যার অভিযোগে পুলিশ মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরা উদ্ধার করা হয়েছে। ফারুকের বাড়ি রাঙামাটির কাপ্তাই থানার বড়ইছড়ি এলাকায়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘ফারুকের সঙ্গে ১২ বছর আগে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়। তাঁর সাবেক স্ত্রী দুই মেয়েকে নিয়ে লোহারপুল এলাকার একটি বাসায় থাকতেন। গত মঙ্গলবার রাত একটার দিকে ফারুক ওই বাসার সামনে গিয়ে দরজা খোলার জন্য চিৎকার করতে থাকেন।’ ওসি বলেন, এ সময় ফারুকের স্ত্রী দরজা না খুলে প্রতিবেশীদের ডাকাডাকি করেন। প্রতিবেশী দেলোয়ার এগিয়ে এসে ফারুককে চিৎকার করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক দেলোয়ারের পেটে ছুরিকাঘাত করেন।সূত্র জানায়, পরে গুরুতর আহত দেলোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি আবদুর রউফ বলেন, ‘ফারুক নিয়মিত রাতের বেলায় ওই এলাকায় গিয়ে চিৎকার করেন। এতে ঘুমের ব্যাঘাত হয় জানিয়ে দেলোয়ার ফারুককে চিৎকার করতে নিষেধ করেন। শুধু এই কারণে ফারুক তাঁকে ছুরিকাঘাত করেন।’ এ ঘটনায় নিহত দেলোয়ারের স্ত্রী একটি মামলা করেছেন।