চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রের মৃত্যু
চট্টগ্রাম নগরের খুলশী থানার পূর্ব ফিরোজশাহ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তৌহিদুল ইসলাম (২৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব ফিরোজশাহ কলোনির কবরস্থানের সামনে দুর্বৃত্তরা তৌহিদুলকে ছুরিকাঘাত করে। পরে মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছিনতাইকারীরা তৌহিদুলকে ছুরিকাঘাত করেছে বলে পুলিশের ধারণা। তৌহিদুল পূর্ব ফিরোজশাহ কলোনির মোমিনুল হকের ছেলে। তিনি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নাজনিন আক্তার বলেন, ‘তৌহিদুলকে ছিনতাইকারীরা মেরেছে নাকি পূর্বশত্রুতার জের ধরে কেউ ছুরিকাঘাত করেছে তা এখনো বলা যাচ্ছে না।’ তিনি জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, তৌহিদুল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাসার কিছু দূরে অটোরিকশা থেকে নামেন। এ সময় পাঁচ-ছয়জন ব্যক্তি তাঁর কাছ থেকে মুঠোফোন ও ঈদের জন্য কেনা জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া ১২টার দিকে তৌহিদুলকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।