চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরের রহমাননগর আবাসিক এলাকায় গত শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জানে আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানে আলম ওই এলাকায় একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন।জানে আলমকে হত্যার ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রোববার সন্ধ্যায় জানে আলমের লাশ নিয়ে রহমান নগর ও ষোলশহর ২ নম্বর গেটে সড়ক অবরোধ করে।বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলে, জানে আলমকে খুন করার পর থেকে জড়িত ব্যক্তিরা ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছেন। পুলিশও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাতে দোকান থেকে বাসায় ফিরে খেতে বসেন জানে আলম। এ সময় রিয়াশাদ আহমেদ, আশীষ ও আতিক নামের তিন যুবক তাঁকে বাইরে ডেকে নিয়ে যান। এরপর পাশের একটি দোকানের সামনে গিয়ে কথা বলার একপর্যায়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। এ সময় দুজন যুবক জানে আলমকে ধরেন এবং অন্যজন তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জানে আলমকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জানে আলমকে হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে গতকাল রোববার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন: রিয়াশাদ আহমেদ (২০), আশীষ (২১) ও আতিকুর রহমান (২০)। তাঁদের মধ্যে রিয়াশাদ আহমেদ ও আতিকের বাসা রহমান নগর আবাসিক এলাকায়। আশীষের বাসা পার্শ্ববর্তী হিলভিউ আবাসিক এলাকায়। রিয়াশাদ আহমেদের বাবা সাইফুদ্দিন আহমেদ ওরফে রবি একসময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা প্রথম আলোকে জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিছুদিন আগে জানে আলমের সঙ্গে ওই এলাকার কয়েকজন কিশোরের বাগিবতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে শনিবার রাতের হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলের পাশের নালা থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।জানে আলমের মামা আবদুল হালিম অভিযোগ করেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রিয়াশাদ আহমেদের সঙ্গে জানে আলমের ঝগড়া হয়। বড় ভাই না ডেকে নাম ধরে ডাকায় তিনি খেপে যান। এর প্রতিশোধ নিতেই রিয়াশাদ আহমেদ তাঁর বন্ধুদের নিয়ে তাঁকে ছুরিকাঘাত করেন। জানে আলমের দুই বছরের একটি শিশুসন্তান আছে। তাঁর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা।