চট্টগ্রামে ছেলেদের সেরা কলেজিয়েট স্কুল
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান কলেজিয়েট উচ্চবিদ্যালয় দেশের ১৬টি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের ছাত্ররা ভালো ফলাফলের ক্ষেত্রে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। চট্টগ্রাম বোর্ডে সম্মিলিত ফলাফলে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অবস্থান শীর্ষে। তার সঙ্গে স্বল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে রয়েছে কলেজিয়েট উচ্চবিদ্যালয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৪৫ জন। পাসের হারও শতভাগ। তবে কলেজিয়েটে শিক্ষার্থীর সংখ্যা ৩৩৬ জন। ফলে অধিক শিক্ষার্থীর কারণে ভালো ফলের দাবিদার এ প্রতিষ্ঠানটি। কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কেবল পুঁথিগত শিক্ষাই নয়, মানবিক শিক্ষার ক্ষেত্রেও আমরা শীর্ষস্থান ধরে রেখেছি। আমরা কথা দিতে পারি, এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করা প্রায় সব শিক্ষার্থীই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ তৈরি করে আমরা রাষ্ট্রকে উপহার দিতে চাই।’ এবারের এসএসসি পরীক্ষায় কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ৪৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪৩৩ জনই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০৮ জন। গত বছর জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ছিল ৩২১ জন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আজিজ উদ্দিন বলেন, গত বছর পরীক্ষার্থী ছিল ৫০০ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, অভিনেতা আবুল খায়ের কিংবা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ দেশের অনেক কীর্তিমানই এ শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন।