চট্টগ্রামে ছোটমণি নিবাসে এইচএসবিসির ইফতার
লিলি, নিশি, ফারিয়া, আরিফ। বয়স তিন-চারের কাছাকাছি। সবাই এতিম। ইফতারের প্যাকেট নিয়ে সবাই সার বেঁধে বসে আছে। পানি, আপেল সামনে। অপেক্ষা করছে আজানের। এসব শিশুর পাশে আরেকটি দল ইফতারের আগে নিজেদের মধ্যে আলাপে মগ্ন। এদের কেউ বাক, কেউ বা শ্রবণ প্রতিবন্ধী। এসব শিশুকে নিয়ে আয়োজন করা হয় ইফতারের। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল এইচএসবিসি ব্যাংক। সার্বিক সহযোগিতা করেছে চট্টগ্রাম বন্ধুসভা।গতকাল শুক্রবার সন্ধ্যায় ইফতারের আয়োজন করা হয় চট্টগ্রামের রৌফাবাদ সরকারি শিশু পরিবারের ছোটমণি নিবাসে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এ প্রতিষ্ঠানে তিনটি বিভাগ রয়েছে। মানসিক প্রতিবন্ধী, এতিম শিশুদের নিয়ে কিশোরী বিভাগ ও ছোটমণি নিবাস। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসির করপোরেট সাসটেইনেবিলিটি অ্যান্ড স্পনসরশিপ ম্যানেজার শামি এ হাফিজ, ডিভিশনাল হেড, করপোরেট ব্যাংকিং অ্যান্ড ম্যানেজার সৈয়দ জাভেদ নুর, পারসোনাল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের উপপ্রধান লায়লা এফ রহিম, করপোরেট ব্যাংকিং আমানা ডিভিশনের আহমেদ রবিউল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক পারভীন মেহতাব, সমাজসেবা কর্মকর্তা বন্দনা দাশ, অভিজিৎ সাহা, হাসান মাসুদ, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন, সভাপতি শেখ জিয়াউল হক, সহসভাপতি নিরাজুম মুনিরা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। এইচএসবিসির পৃষ্ঠপোষকতায় গতকাল প্রায় ২৫০ জন এতিম ও প্রতিবন্ধীকে ইফতার এবং রাতের খাবার খাওয়ানো হয়।