চট্টগ্রামে ছয় ডাকাতের কারাদণ্ড
চট্টগ্রামে ছয় ডাকাতকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন।
সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে ডাকাত আবুল কাশেম ও মো. বাদশাকে ১৫ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া নুরুল আলম, আবুল বশর, মো. সাইফুল্লাহ ও আহমেদ উল্লাহকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত ছয় ডাকাত জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি আরও বলেন, ১৯৯৩ সালের ১৭ এপ্রিল সীতাকুণ্ডের দক্ষিণ কলাবাড়িয়া এলাকার শাহ আলমের বাড়িতে একদল ডাকাত ঢুকে স্বর্ণালংকার, টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আবুল কাশেম ও বাদশা নামের দুই ডাকাতকে মালামালসহ আটক করে স্থানীয় লোকজন পুলিশে দেন। এ ঘটনায় সামসুন নাহার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।