চট্টগ্রামে ছয় ধর্ষকের যাবজ্জীবন সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বার্মা কলোনি এলাকায় পোশাক কারখানার নারী কর্মীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: আবুল কালাম, আকতারুজ্জামান, বেলায়েত হোসেন, আইয়ুব আলী, সালাহউদ্দিন ও মুজিবুর রহমান। এঁদের মধ্যে মুজিবুর রহমান ছাড়া অন্য পাঁচ আসামি পলাতক।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৬(৩) ধারা অনুসারে আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন।’আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ৮ এপ্রিল বিকেলে নগরের টেক্সটাইল গেট এলাকার নিজ বাসা থেকে সংলগ্ন বার্মা কলোনি এলাকায় এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছিলেন ওই নারী। এ সময় তাঁকে অপহরণ করা হয়। এরপর রাতে তাঁকে পাহাড়ে নিয়ে ধর্ষণ করা হয়।ঘটনার পরদিন ওই নারী বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। ১৯৯৮ সালের ২৮ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার ১২ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করেন আদালত।