চট্টগ্রামে ছয় প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদে অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠানের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও র্যাবের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জুবায়ের আহমেদ জানান, ভ্রাম্যমাণ আদালত আগ্রাবাদের লাকী প্লাজা ও সাউথ ল্যান্ড সেন্টারে একটি হোটেল ও ডিপার্টমেন্ট স্টোর, তিনটি কনফেকশনারি ও একটি ফার্মেসিতে অভিযান চালায়। মৌসুমি ফলে রাসায়নিক মেশানো, ওজনে কম দেওয়া, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং তাঁদের সতর্ক করা হয়।