চট্টগ্রামে ছয় রেস্তোরাঁ ও বেকারিকে জরিমানা
চট্টগ্রাম নগরের বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিনটি রেস্তোরাঁ ও তিনটি বেকারিকে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পোড়া তেল ব্যবহার, মোড়কের গায়ে মেয়াদ না থাকা, মূল্য ব্যবহার না করা এবং হোটেল বেকারির নোংরা পরিবেশের জন্য এ জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ সময় অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ তাঁকে সহায়তা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চান্দগাঁও থানাধীন কাপ্তাই মোড় এলাকার ইয়াম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে পোড়া তেলে চানাচুর ভাজা ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির কারণে ৫০ হাজার টাকা, ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পোড়া তেলে রান্না ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ৩০ হাজার টাকা, একই কারণে আজমিরী হোটেলকে ২০ হাজার টাকা, আল মক্কা হোটেলকে ১০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে তারিখ উল্লেখ না করায় আল আমিন বেকারিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বায়েজিদ থানার কুয়াইশ এলাকার বাগদাদ ফুডস নামের একটি বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও মোড়কের গায়ে মেয়াদ এবং মূল্য উল্লেখ না করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ছয়টি বেকারি-রেস্তোরাঁতেই অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও খাদ্যসামগ্রী তৈরি হচ্ছিল। প্রায় সবাই পোড়া তেল ব্যবহার করছিল। বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।