চট্টগ্রামে ছয় লাখ টাকা ছিনতাই
চট্টগ্রামের গোলপাহাড় এলাকায় গতকাল বুধবার দুপুরে একটি কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে। র্যাব ও জনতার ধাওয়ায় ছিনতাইকারীরা সিএনজিচালিত অটোরিকশা ফেলে পালিয়ে যায়। স্থানীয় সূত্র জানায়, ক্লাসিক কমিউনিকেশন নামের কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের দুই কর্মী নাছির ও নিজাম জিইসি মোড়ের একটি ব্যাংক থেকে প্রতিষ্ঠানের ছয় লাখ টাকা তুলে রিকশায় নাসিরাবাদের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গোলপাহাড় এলাকা পার হওয়ার সময় অটোরিকশা আরোহী কয়েকজন ছিনতাইকারী তাঁদের গতি রোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা কেড়ে নেয়। র্যাব সদস্যরা অটোরিকশার পেছনে ছুটতে থাকলে চট্টেশ্বরী মোড়ের অদূরে চালক ও চার ছিনতাইকারী গাড়ি ফেলে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি এলজি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, তাঁরা ছিনতাইকারীদের শনাক্ত করতে পেরেছেন। শিগগিরই তাঁদের আটক করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।