এক ব্যবসায়ীকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রকাশক, সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে অভিযোগটি করেন নগরের মিমি সুপার মার্কেটের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
আদালত বায়েজীদ বোস্তামি থানার পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন সংবাদ সবসময় ডট কম-এর নির্বাহী সম্পাদক আবদুল আউয়াল, ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ মুসা, প্রকাশক নুরুল ইসলাম, সময়ের কণ্ঠস্বরের চেয়ারম্যান এম আজিজুর রহমান, উপদেষ্টা আমিনুল ইসলাম ও প্রকাশক আহমেদ তাওফিক।
সংবাদ সবসময় ডট কম-এর নির্বাহী সম্পাদক আবদুল আউয়াল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রতারিত এক নারীর মামার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাঁরা সংবাদ প্রচার করেন।
বাদীর আইনজীবী মোহাম্মদ গোলাম সরওয়ার বলেন, ১৭ জানুয়ারি আসামিরা তাঁদের অনলাইন পত্রিকায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে নিয়ে মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর সংবাদ প্রচার করেন। এতে আজগুবি কিছু তথ্য দেওয়া হয়, সেগুলোর সঙ্গে বাদীর কোনো সংশ্লিষ্টতা নেই।