অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের ছয়টি ওষুধের দোকানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ড্রাগ লাইসেন্স না থাকায় তিনটি ওষুধের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম জেলা প্রশাসন এবং ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। তাঁকে সহযোগিতা করেন ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, অভিযান চালানো দোকানগুলোতে খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ, ডাক্তারদের স্যাম্পল, অনুমোদহীন বিদেশি ওষুধ এবং ফুড সাপ্লিমেন্ট পাওয়া গেছে। তিনটি দোকানের ড্রাগ লাইসেন্স না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। লাইসেন্স নিয়ে এসব দোকান চালু করতে বলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নগরের হামজারবাগের সোহা মেডিকেল পয়েন্টকে ১৫ হাজার টাকা, এম রহমান হাউসকে ৫ হাজার টাকা, তমা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, মুরাদপুরের সবুজ ফার্মেসিকে ১০ হাজার টাকা, আরেফিন মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং রাজদ্বীপ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সোহা মেডিকেল পয়েন্ট, তমা ফার্মেসি এবং আরেফিন মেডিকেল হল বন্ধ করে দেওয়া হয়েছে।