চট্টগ্রামে জঙ্গি সন্দেহে পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত একটার দিকে নগরের পতেঙ্গার কাঠগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, তাঁরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন চট্টগ্রাম কলেজের স্নাতকের ছাত্র আক্কাস আলী ওরফে জাহেদুল ইসলাম, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের স্নাতকোত্তরের ছাত্র আতিকুল হাসান, ওমরগণি এমইএস কলেজের স্নাতকের ছাত্র জামশেদুল আলম, বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের মো. রুবেল ও একটি মাদ্রাসার সাবেক ছাত্র মো. মহিউদ্দিন। তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, আটটি মুঠোফোন ও ১১টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরের কুলগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে জঙ্গি সন্দেহে দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র আবদুল হান্নান ওরফে আবদুল্লাহ ওরফে লাদেনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মারুফ হোসেন গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তিন-চারজন পালিয়ে যান। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এক প্রশ্নের জবাবে মারুফ হোসেন বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁরা জঙ্গিদের দিয়ে নাশকতার পরিকল্পনা করছেন। গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার করা পাঁচজনের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি।
গতকাল বিকেল নগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঁচ শিক্ষার্থীকে চট্টগ্রাম আদালতে আনা হয়। এ সময় তাঁদের প্রত্যেকের মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, তাঁদের রিমান্ড শুনানির জন্য আদালত মঙ্গলবার (আজ) তারিখ নির্ধারণ করেছেন।