চট্টগ্রামে জঙ্গিদের গুঁড়িয়ে দিয়েছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ দক্ষতার সঙ্গে জঙ্গিদের গুঁড়িয়ে দিয়েছে। এই অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। এটাই পুলিশের দক্ষতা।
যশোর জিলা স্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সমাবেশে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়ে যশোরের ৮৬৬ জন মাদক ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আত্মসমর্পণকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যাঁরা মাদক ছেড়ে সুষ্ঠু জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণ করলেন, তাঁদের আমরা করতালি দিয়ে সম্মান জানাই। মাদক অত্যন্ত ভয়ংকর। একটি জাতি ও দেশের এগিয়ে যাওয়ার প্রধান অন্তরায়।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সুইচ টিপে যশোর পৌর শহরে বসানো ১২০টি সিসি ক্যামেরা ও ‘হ্যালো পুলিশ’ নামে যশোর পুলিশের একটি অ্যাপস উদ্বোধন করেন। এ ছাড়া যশোর পৌর শহরের মুক্তিযোদ্ধাদের বাড়ির কর (হোল্ডিং ট্যাক্স) মওকুফের সনদ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কাছে তুলে দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এম এম মনির-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সাংসদ কাজী নাবিল আহমেদ প্রমুখ।