চট্টগ্রামে জনসংখ্যা দিবস উদ্যাপিত
শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে চট্টগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত হয়েছে। এসব আয়োজনে বক্তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রামের পরিচালক মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. আলাউদ্দিন মজুমদার, একই দপ্তরের উপপরিচালক অধীর রঞ্জন দাশ, সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শেখ রোকন উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। পরিবার পরিকল্পনা কার্যালয় চট্টগ্রাম এই সভার আয়োজন করে।
বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার সংসারে সুখ আনতে পারে। জনসংখ্যাকে শিক্ষিত, কর্মঠ জনগোষ্ঠীতে গড়ে তোলা সম্ভব হলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।