চট্টগ্রামে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রীশ্রী জন্মাষ্টমী উৎ​সব উদ্‌যাপন পরিষদ l ছবি: প্রথম আলো
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রীশ্রী জন্মাষ্টমী উৎ​সব উদ্‌যাপন পরিষদ l ছবি: প্রথম আলো

বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় সভা ও ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে নগরের জে এম সেন হলে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শ্রীশ্রী জন্মাষ্টমী উৎসব উদ্‌যাপন পরিষদ। উৎসবের প্রথম দিন গতকাল সকালে নগরের আন্দরকিল্লা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত ও সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিরা মাঠে নেমেছে। জঙ্গিরা নিরীহ মানুষ হত্যা করছে। পুরোহিতদের হত্যা করছে। এ অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে লড়াই করতে হবে।

নগরের আন্দরকিল্লা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জে এম সেন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ পালিত প্রথম আলোকে বলেন, জন্মাষ্টমী উপলক্ষে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। উৎসব শেষ হবে রোববার ভোরে।