চট্টগ্রামে জমজমাট নবান্ন উৎসব

নগরে নবান্ন উৎসবের আয়োজন শিশুদের মননে দেশের কৃষ্টি, ঐতিহ্য সম্পর্কে সচেতনতাবোধ জাগিয়ে তুলবে। নগরে বড় হওয়া শিশুরা এমন সব খাবারে অভ্যস্ত হয়ে পড়েছে যে এখন আর পিঠাপুলি তাদের ভালো লাগে না। চট্টগ্রামে নবান্ন উৎসবে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শনিবার বিকেলে ডিসি হিলের মুক্ত মঞ্চে বাবুল জলদাসের ঢোল বাদনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন তিন কৃষক। তাঁরা হলেন মনা দাশ, খায়ের আহমদ ও আবদুল আলম। স্বাগত বক্তব্য দেন উৎসবের আয়োজক শিশুমেলার পরিচালক রুবেল দাশ।
উৎসবে বক্তারা বলেন, বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য হাজার বছরের। হেমন্তে নতুন ধান তোলার পর ঘরে উৎসবের যে আবহ সৃষ্টি হয়, সেই ঐতিহ্য যেন হারিয়ে না যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলা জনপদের ইতিহাস তিন হাজার বছরের পুরোনো। নবান্ন উৎসব আমাদের দীর্ঘদিনের কৃষ্টি। এসব ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি যেন হারিয়ে না যায়।’
অনুষ্ঠানের অতিথি লেখিকা ফেরদৌস আরা আলীম বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা এমন খাবারে অভ্যস্ত হয়ে পড়েছে যে তাদের পিঠাপুলি আর ভালো লাগে না। এ ধরনের উৎসব শিশুদের মননে আমাদের ঐতিহ্য সম্পর্কে সচেতনতাবোধ জাগিয়ে তুলবে।’
এতে আরও বক্তব্য দেন উৎসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক রীতা দত্ত, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে নিষ্পাপ অটিজম স্কুলের অটিস্টিক ছেলেমেয়েরা ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা’ এবং ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ গান দুটির সঙ্গে নৃত্য পরিবেশন করে। দলীয় সংগীত পরিবেশন করে খেলাঘর, অভ্যুদয় এবং চারুতা সংগীত একাডেমি। এ ছাড়া সুরাঙ্গন বিদ্যাপীঠ, চারুতা নৃত্যকলা একাডেমি এবং নৃত্য নিকেতনের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। উৎসবে আবৃত্তি পরিবেশন করে বোধন, প্রমা এবং তারুণ্যের উচ্ছ্বাস।