চট্টগ্রামে জমজমাট পশুর হাট, দাম নিয়ে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পশুর আটটি হাটে বেচাকেনা জমে উঠেছে। হাটে পর্যাপ্ত গরু থাকলেও দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যাপারীরা অতিরিক্ত মুনাফার আশায় গরুর দাম বেশি রাখছেন বলে অভিযোগ তাঁদের। অন্যদিকে নগরের বিভিন্ন অলিগলি ও মোড়ে ভাসমান পশুর হাট বসায় ক্ষোভ রয়েছে ব্যাপারীদের। নগরের বৈধ হাটগুলোর ইজারাদারেরাও ভাসমান হাট বন্ধের দাবি করছেন।
গতকাল শনিবার বিকেলে সাগরিকা পশুর হাটে গিয়ে দেখা যায়, এই হাটে ৫০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা দামের গরু বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে হাটে গরু আসছে। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে সাগরিকা সড়কের ফুটপাতও পর্যন্ত বিস্তৃত হয়েছে এই হাট।
সাগরিকা হাটের ইজারাদার মোহাম্মদ সাইফুল হুদা প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া, মাগুরা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে ব্যাপারীরা অসংখ্য গরু নিয়ে এসেছেন। বেচাবিক্রি ভালো হচ্ছে। দামও সহনীয় পর্যায়ে রয়েছে।
কুষ্টিয়া থেকে ৫০টি গরু নিয়ে সাগরিকা হাটে এসেছেন ব্যাপারী খায়রুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ২২টি গরু বিক্রি করেছেন। বাকি গরুগুলোও বিক্রি হয়ে যাবে বলে আশা তাঁর।
আরেক ব্যাপারী মো. আমীরুল ইসলাম বলেন, গতবারের তুলনায় গরুর দাম এবার বেশি নয়। তারপরও লোকজন দাম কমার আশায় বসে আছেন।
নগরের সিমেন্ট ক্রসিং এলাকা থেকে গতকাল সাগরিকা হাটে গরু কিনতে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিক বিন জামান। একটি গরু পছন্দ হলেও দরদামে বনিবনা হচ্ছিল না ব্যাপারীর সঙ্গে। তিনি বলেন, ‘এবার দাম চড়া। গতবার যে গরু কিনেছিলাম দেড় লাখ টাকায়, ব্যাপারীরা এবার সে আকারের গরুর দাম হাঁকাচ্ছেন দুই লাখ টাকা। দরদামে মিললে আজকেই (শনিবার) নিয়ে নেব। না হলে কাল (রোববার) আবার আসতে হবে।’ একই কথা বলেন নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. জসিম উদ্দিন।
ক্রেতাদের অভিযোগের বিষয়ে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে আসা ব্যাপারী আবুল কালাম বলেন, ‘একটি গরুর লালন-পালনে যে টাকা ব্যয় হয়, বিক্রি করে সে দাম পাওয়া যায় না। তারপরও দাম নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই।’
নগরের একমাত্র ছাগলের বিক্রির হাট পোস্তারপাড়ে গিয়ে দেখা যায়, জমজমাট বেচাকেনা চলছে। হাটের ইজারাদার ও ব্যাপারী মোহাম্মদ রাজু প্রথম আলোকে বলেন, হাটে এ পর্যন্ত পাঁচ হাজার ছাগল এসেছে। ৫ থেকে ৫০ হাজার টাকা দামের ছাগল বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ১০ থেকে ২৫ হাজার টাকা দামের ছাগল। তিনি বলেন, অবৈধ হাটের জন্য এবার পর্যাপ্ত সংখ্যক ছাগল তাঁর হাটে আসেনি। যে পরিমাণ ছাগল হাটে আছে, তা গতবারের তুলনায় তিন ভাগের এক ভাগ।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, নগরের ফইল্ল্যাতলী বাজার, কালামিয়া বাজার, নয়া বাজারের গ্রিন ভিউ হাউজিং এলাকা, পাহাড়তলী, হালিশহরের বড়পুল এলাকা এবং ২ নম্বর গেটের কবরস্থান-সংলগ্ন গলিতে অনুমোদন না নিয়ে ভাসমান হাট বসানো হয়েছে।
সরেজমিনে তিনটি ভাসমান হাটে গিয়ে দেখা যায়, সেখানে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩০টি গরু রয়েছে। স্থানীয় লোকজনই এসব হাটের ক্রেতা। ২ নম্বর গেটের হাটের উদ্যোক্তাদের একজন মোহাম্মদ হাসান বলেন, জায়গাটি খালি পড়ে ছিল। তাই বিক্রির জন্য কিছু গরু আনা হয়েছে।
কর্ণফুলী পশুর হাটের ইজারাদার আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘অলিগলি ও মোড়ের হাটগুলোর কারণে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।’
এ বিষয়ে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন এলাকায় অবৈধ হাট বসার অভিযোগ তিনি পেয়েছেন। করপোরেশনের ম্যাজিস্ট্রেট হাটগুলোতে গিয়ে উদ্যোক্তাদের সতর্ক করে দিয়ে এসেছেন। এসব হাটে উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।