চট্টগ্রামে জমজমাট বিজ্ঞান উৎসব

বিজ্ঞান উৎসবের কর্মশালার আয়োজন কেমন লাগছে? উপস্থাপকের এমন প্রশ্নে নড়েচড়ে বসল নেভি অ্যাংকরেজ চিটাগং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যেই পুরো মিলনায়তনে ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস। একসঙ্গে সবাই বলল, ‘ভালো’। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসই জানান দিল কতটা জমে উঠেছে বিজ্ঞান উৎসবের আয়োজন!
রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক কর্মশালার ষষ্ঠ দিনে গতকাল মঙ্গলবার নগরের পাঁচটি বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরের ইপিজেড এলাকার নেভি অ্যাংকরেজ চিটাগংয়ে শুরু হয় কর্মশালার আয়োজন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক শায়লা শারমিন।
কর্মশালা শেষে বিজ্ঞান কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নেভি অ্যাংকরেজ চিটাগংয়ের অধ্যক্ষ কমান্ডার সাদ ইমন ইসতিয়াক ও উপাধ্যক্ষ শাহীন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম তানভীর ও প্রচার সম্পাদক শাওন রায়।
একই সময়ে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়েও বসেছিল বিজ্ঞানবিষয়ক কর্মশালার আসর। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাহমিনা সানজিদা। এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান খান ও ফিরোজ উদ্দীন। এ সময় চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি শিহাব জিশান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপসাংগঠনিক সম্পাদক অদিতি মজুমদার ও সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল চৌধুরী উপস্থিত ছিলেন।
নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে দুপুর ১২টায় শুরু হয় কর্মশালার আয়োজন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজউয়ানুল হক। এতে কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দীপক কুমার সাহা ও সহকারী শিক্ষক আশীষ কুমার শীল।
বেলা দুইটায় নগরের বেপজা পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন চুয়েটের প্রভাষক শায়লা শারমিন। কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একই বিদ্যালয়ের শিক্ষক আবুল ফজল।
নগরের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে কর্মশালার আয়োজনের মাধ্যমে শেষ হয় ষষ্ঠ দিনের আয়োজন। এতে প্রশিক্ষক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাহমিনা সানজিদা। আর পুরস্কার তুলে দেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও রণি মিত্র। এসব কর্মশালায় একটি নতুন বিজ্ঞান প্রকল্প কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রাথমিক পর্যায়ে নগরের ২০টি বিদ্যালয় ও কলেজে বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিদ্যালয়গুলোর স্বতঃস্ফূর্ততা দেখে বাড়ানো হয়েছে বিদ্যালয়ের সংখ্যা। বর্তমানে নগরের ২২টি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞানবিষয়ক কর্মশালার আয়োজন। আগামী ৮ এপ্রিল নগরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে বসবে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞানবিষয়ক কুইজের আসর। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম বন্ধুসভা। বিজ্ঞান সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা।