চট্টগ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষ
চট্টগ্রামের লালখান বাজারের বাঘঘোনা এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ হাজি বেলাল নামের এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় সূত্র জানায়, হাজি বেলাল স্থানীয় এ কে খান গ্রুপের মালিকানাধীন ১০ গণ্ডা জমি এক কোটি টাকায় কেনার জন্য অন্য এক ব্যক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ওই ব্যক্তিকে অগ্রিম ৬০ লাখ টাকা দেন তিনি। গতকাল সকালে ওই জমি দখলের জন্য দেড় শতাধিক লোক নিয়ে বাঘঘোনায় যান হাজি বেলাল। এ সময় তাঁরা জমি দখলে নেওয়ার চেষ্টা করলে এ কে খান গ্রুপের লোকজন তাঁদের বাধা দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকটি গুলিবর্ষণেরও শব্দ পাওয়া যায়। এতে তিনজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাজি বেলালকে আটক করতে সক্ষম হয়। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, জমির প্রকৃত মালিক এ কে খান গ্রুপ। তৃতীয় এক ব্যক্তি এই জমির মালিকানা সেজে হাজি বেলালের কাছে তা বিক্রি করতে চুক্তিবদ্ধ হন। বেলাল প্রতারিত হয়েছেন।