চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, তিনজন গুলিবিদ্ধ
নগরের লালখান বাজার মতিঝরনা এলাকায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার
বিকেল চারটার দিকে এ কে খান গ্রুপের একটি জায়গা নিয়ে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আবু তাহের (৩৫), আবুল হোসেন ওরফে মনু (৩৬) ও মনসুর আলী (৪৫)। তাঁরা ছররা গুলিতে আহত হন।
তাঁরা সবাই লালখান বাজার মতিঝরনা এলাকার বাসিন্দা। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ কে খান গ্রুপের পাশে একটি জায়গায় স্থানীয় কিছু লোকজন ঘর বেঁধে বসবাস করছিল। বসবাসকারীদের দাবি, সেটা সরকারি জায়গা। এ কে খান নিজেদের জায়গা বলে দাবি করে আসছিলেন। গতকাল ওই জায়গা থেকে বসবাসকারীদের তুলে দিতে চাইলে উত্তেজনা দেখা দেয়। পরে এ কে খান গ্রুপের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য ও বসবাসকারীদের সংঘর্ষ হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ভূঁইয়া জানান, এ কে খান গ্রুপ দাবি করে তাদের জায়গা, আর বসবাসকাীরা বলে সরকারি জায়গা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আনসাররা গুলি করে। ছররা গুলিতে তিনজন আহত হয়। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মীমাংসার দায়িত্ব নিয়েছেন। স্থানীয় লোকজন আনসারদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। গুলি করার পর উত্তেজনা বেড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মতিঝরনা সত্তারের পাহাড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের গুলিতে তিনজন আহত হয়।