চট্টগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রাম নগরের বাদশা কলোনি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আকবর শাহ থানার অগ্রণী ব্যাংক সোসাইটির বাদশা কলোনির ফারুক চৌধুরীর মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আব্দুল করিম (৩৪)। সংঘর্ষের পর স্থানীয় লোকজন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে গিয়ে আব্দুল করিমের আত্মীয়স্বজন কাউকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল প্রথম আলোকে জানান, বাদশা কলোনি এলাকার রুবিনা আক্তার ও বাবুল নামের দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি জানান, কলোনি সংলগ্ন জায়গায় টিনের ঘর নির্মাণকে কেন্দ্র করেই দুই পক্ষে বিরোধ সৃষ্টি হয়। রুবিনা আক্তার সকালে থানায় অভিযোগ করেন, ঘর নির্মাণে বাবুলের লোকজন বাধা দিচ্ছে। পরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, নিহত আব্দুল করিম বাবুল পক্ষের হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন। তিনি বাদশা কলোনির মৃত আবু সুফিয়ানের ছেলে।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল হক সরকার জানান, নিহত আব্দুল করিমের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সংঘর্ষে আহত আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে পুলিশ সদস্যরা চমেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তিনি ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ফারুক চৌধুরী মাঠে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে তিনিসহ চার-পাঁচজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ডেকে পরিস্থিতি শান্ত করেন। বিরোধপূর্ণ জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তাঁরা চলে যান। কিন্তু কিছু দূর যাওয়ার পর দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজিত লোকজন পুলিশকে লক্ষ্য করে গরম তেল ছুড়ে মারে। একপর্যায়ে তাঁর মাথার পেছনে গুলি লাগে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক এসআই জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, আহত পুলিশ সদস্যের মাথায় ছররা গুলি লেগেছে।’
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক আমিনুল হক সরকার বলেন, ‘আঘাতের ধরন দেখে মোস্তাফিজের অবস্থা গুরুতর মনে হয়নি। এক্স-রে করলে আঘাত সম্পর্কে জানা যাবে।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ গতকাল রাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, নিহত আব্দুল করিম এক পক্ষের হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন। পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।