চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে বাড়ছে সূর্যের প্রখরতা। অন্যদিকে বিপণিবিতানের ভেতরে পাল্লা দিয়ে বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ এসেছেন বন্ধুবান্ধবদের নিয়ে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে। যাচাইবাছাই করে কিনে নিচ্ছেন পছন্দের পোশাক।
গতকাল শনিবার দেখা যায়, নগরের অভিজাত বিপণিবিতানে পুরোদমে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ব্যবসায়ীরা জানান, কেনাকাটা করতে প্রচুর মানুষ আসছেন। ঈদের আগের দিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে তাঁদের আশাবাদ।
স্যানমার ওশান সিটির চতুর্থতলার পাঞ্জাবিওয়ালা দোকানের মোহাম্মদ সোহেল বলেন, ‘রমজানের শুরুর দিকে লোকজন ঘুরে ঘুরে দোকানগুলোর সংগ্রহ দেখেছেন। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম প্রথম থেকেই। এখন গ্রাহকদের ভিড় যেমন বাড়ছে, বিক্রিও হচ্ছে তেমন।’
ছোটদের পোশাকের দোকানগুলোতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চার বছরের ছেলেকে নিয়ে স্যানমারের ব্লু-বার্ডসে এসেছিলেন ব্যাংক কর্মকর্তা ফারহানা রহমান। পোশাক দেখার ফাঁকে ফাঁকে তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানকার পরিবেশ অনেক স্বস্তিদায়ক ও শান্ত। নিরিবিলিতে কেনাকাটা করা যায়। তাই ছেলেকে নিয়ে আসলাম।’
এই বিপণিবিতানের নিচতলায় রয়েছে শৈল্পিক, ম্যানজ, ক্যাটস আই, মুন ওয়াকার, ক্রোকোডাইলের মতো সুপরিচিত ব্র্যান্ডের দোকান। চারতলায় রয়েছে পাঞ্জাবিওয়ালা, ম্যানহুড।
এসব দোকানে ক্রেতাদের আগ্রহ ছিল ঈদের পাঞ্জাবি ঘিরে। ব্যবসায়ীরা নিয়ে এসেছেন বিভিন্ন ধরন ও নকশার পাঞ্জাবি। এর পাশাপাশি রয়েছে ফতুয়া, শার্ট, প্যান্ট। দেড় থেকে আড়াই হাজার টাকা দামের পাঞ্জাবির প্রতি ছেলেদের আগ্রহ বেশি।
ছেলেদের পোশাকের পাশাপাশি মেয়েদের পোশাকের জন্যও খ্যাতি রয়েছে এই বিপণিবিতানের। বিপণিবিতানের দ্বিতীয় তলায় রয়েছে বেশ কিছু গয়নার দোকান। তৃতীয় তলায় আছে শখ, ফেইম, আপন ফেব্রিকস ও চন্দ্রছায়ার মতো বিভিন্ন বুটিকস হাউস।
চন্দ্রছায়ার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এবার ভারতীয় পোশাকের সঙ্গে পাল্লা দিচ্ছে আমাদের দেশীয় পোশাক। ভারতীয় পোশাকের তুলনায় আমাদের দেশীয় পোশাকের দাম তুলনামূলক কম।’ তিনি জানান, এবার বেশি চলছে লং কামিজ ও ফ্রক স্টাইলের জামা।
শখ ও ফেইমের মালিক আনিসুর রহমান বলেন, ‘এখন মার্কেট জমজমাট। যত দিন গড়াচ্ছে বেচাবিক্রি তত বাড়ছে। ক্রেতাদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক রয়েছে আমাদের সংগ্রহে।’