চট্টগ্রামে জলকেলি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঝাঁক রাখাইন তরুণ-তরুণী পরস্পরের দিকে জল ছুড়ে দিয়ে পুণ্যস্নানে নিজেদের পরিশুদ্ধ করে তুলছেন। এ স্নানের উদ্দেশ্য, পুরোনো জরাজীর্ণতাকে ত্যাগ আর নতুন বছরকে আবাহন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জের নবপণ্ডিত বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হয়েছে রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব।

চট্টগ্রামে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের পক্ষে বাংলাদেশ রাখাইন বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা রাখাইন নববর্ষ ১৩৭৯ বরণ উপলক্ষে এই জলকেলি বা ‘মহা সাংগ্রাই পোয়ের’ আয়োজন করে।
এ উৎসবে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া ছিল চট্টগ্রামে বসবাসরত বেশ কিছু রাখাইন পরিবার। তরুণ-তরুণীরা ড্রাম থেকে পানি নিয়ে পরস্পরের দিকে ছুড়ে মারেন। একবার তরুণেরা ছুড়ে তো আরেকবার তরুণীরা। এভাবে বিরামহীনভাবে চলে জলকেলি উৎসব।
পুরোনো বছরের পাপ ও কালিমা মোচনের লক্ষ্যেই এ জলকেলি করা হয় বলে জানান আয়োজকেরা। জলকেলির আগে বেলা সাড়ে তিনটার দিকে নবপণ্ডিত বিহারের মহাথের উপানন্দ মহাথের প্রার্থনা বা ধর্মদেশনা পরিচালনা করেন। প্রার্থনার শেষে উৎসবের পটভূমি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মং হ্লা চিং।
উৎসবের আয়োজক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উওযাননেং বলেন, ‘আমাদের সব দুঃখ, কষ্ট, দীনতা ও জরাজীর্ণতা ভুলে নতুনকে আবাহনের জন্য এ উৎসবের আয়োজন করি। এর মাধ্যমে পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি কামনা করা হয়।’
প্রার্থনা শেষে সমবেত নর-নারীরা বুদ্ধস্নানে অংশ নেন। এরপর তরুণ-তরুণীরা নেমে পড়েন জলকেলিতে। আয়োজকেরা জানান, নববর্ষের মূল আয়োজন হবে নিজ নিজ এলাকায়। চট্টগ্রামে বসবাসরত রাখাইন শিক্ষার্থী ও বাসিন্দারা নববর্ষ উপলক্ষে নিজ নিজ বাড়ি ফিরে যাবেন বলেই আগেভাগে চট্টগ্রামে এ আয়োজন করা হয়।