চট্টগ্রামে জলাতঙ্ক রোগী দিন দিন বাড়ছে। আগে যেখানে দিনে তিন-চারজন রোগী পাওয়া যেত, এখন সেখানে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন রোগীও আসছে। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
গতকাল শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জলাতঙ্ক নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ নুরুল হায়দার। এ সময় উপসিভিল সার্জন রফিক উদ্দিন, এইচ এম আহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জলাতঙ্ক ভাইরাস বহনকারী কুকুরের কামড় বিপজ্জনক। এ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। গ্রামগঞ্জে এখনো কুকুরের কামড়ের পর ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা চলে। এতে করে রোগী মৃত্যুর মুখে পতিত হয়। জলাতঙ্ক রোগে মৃত্যুর সঠিক পরিসংখ্যানও অনেক সময় পাওয়া যায় না।
সংবাদ সম্মেলনে নুরুল হায়দার বলেন, আগে জেলা সিভিল সার্জন কার্যালয়ে দৈনিক তিন-চারজন কুকুরে কামড়ানো রোগী আসত। এখন এই সংখ্যা বেড়ে ৪০ পর্যন্ত হচ্ছে। আগের চেয়ে কিছুটা সচেতনতা বাড়ার কারণে এই সংখ্যা বাড়তে পারে।