চট্টগ্রামে জলাবদ্ধতা নেই, আছে জলজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম দাবি করেছেন, বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও তদারকির ফলে গত সাড়ে চার বছরে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে এসেছে। নগরে এখন আর জলাবদ্ধতা হয় না। যা হয় তা সাময়িক জলজট।
গতকাল বুধবার সিটি করপোরেশনের ৫৭তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব দাবি করেন। আন্দরকিল্লার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভা হয়। আগামী ২৮ এপ্রিলের নির্বাচনের আগে সিটি করপোরেশনের এটাই শেষ সাধারণ সভা বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০১০ সালের ১৭ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মন্জুর আলম। তিনি ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন এবং ২৬ জুলাই করপোরেশনের প্রথম সাধারণ সভা হয়। সে হিসাবে বর্তমান মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হবে ২৫ জুলাই। নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে মেয়র পদ থেকে পদত্যাগ করতে হবে।
গতকালের সভায় মন্জুর আলম বলেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে প্রণয়ন করা ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। মহাপরিকল্পনা অনুযায়ী একটি নতুন খাল খননের প্রকল্প সরকার অনুমোদন করেছে। এটি খনন করা হলে নগরের নিম্নাঞ্চলে আর জলাবদ্ধতা হবে না। গত নির্বাচনের আগে ৫৬ দফা প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, এসব প্রতিশ্রুতির অধিকাংশ পূরণ হয়েছে। এ জন্য সরকার, বিরোধী দল এবং করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেছেন। আর দায়িত্ব নেওয়ার পর গত ৫৭ মাসে নগরের উন্নয়নে নয় শ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
গতকালের সভায় সিটি করপোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, ওয়াসার সচিব মো. শামসুদ্দোহা ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রমুখ।
এদিকে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের সব নথি এখন থেকে জ্যেষ্ঠ প্রকৌশলী এয়াকুব নবীর মাধ্যমে সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানোর নির্দেশনা জারি হয়েছে। গতকাল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আইনগত জটিলতার কারণে বর্তমানে প্রধান প্রকৌশলী পদে কাউকে পদায়ন করা সম্ভব না হওয়ায় এবং করপোরেশনের কাজের স্বার্থে পুনঃ আদেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ প্রকৌশলী ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী-১ এয়াকুব নবী এ দায়িত্ব পালন করবেন।
করপোরেশনের সর্বশেষ প্রধান প্রকৌশলী মোখতার আলম গত বছরের ৩১ মে অবসরোত্তর ছুটিতে যান। ওই বছরের ২০ ফেব্রুয়ারি করপোরেশনের তিন সহকারী প্রকৌশলী হাইকোর্টে পদোন্নতি বিষয়ে একটি রিট করেন। এরপর আদালত করপোরেশনের নিয়োগ, স্থায়ীকরণ ও পদোন্নতিতে স্থগিতাদেশ দেন।