চট্টগ্রামে জলাবদ্ধতার 'মডেল' শুলকবহর
টানা তিনবার চট্টগ্রামের মেয়র ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি এখন নগর আওয়ামী লীগের সভাপতি। ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাসিন্দা তিনি। কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতো এই ওয়ার্ডের দুঃখ ঘোচেনি। নগরের জলাবদ্ধতার ‘মডেল’ যেন শুলকবহর ওয়ার্ড।
এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জামায়াত-সমর্থিত মুহাম্মদ শামসুজ্জামান হেলালী স্বীকার করেছেন যে তাঁর ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা। তিনি বলেন, ‘জলাবদ্ধতা কিছুটা কমেছে এটা। তবে আমি সন্তুষ্ট নই। ওয়ার্ডের ২ নম্বর গেট, মুরাদপুর, শুলকবহরসহ বিভিন্ন এলাকায় পানি ওঠে।’ তিনি এবারও প্রার্থী হয়েছেন।
তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মো. মোরশেদ আলমও ওয়ার্ডের প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতাকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘জলাবদ্ধতা আগের চেয়ে বেড়েছে। এই ওয়ার্ড জলাবদ্ধতার মডেল। এ ছাড়া চারদিক অপরিচ্ছন্ন। যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ।’
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসা চশমা হিলে। বাসা থেকে বের হয়েই ষোলশহর ২ নম্বর গেট। ২ নম্বর গেট মোড়টি সামান্য বৃষ্টিতেও তলিয়ে যায়। হাঁটু থেকে কোমরসমান পানি ওঠে। ৬ এপ্রিল কালবৈশাখী ও বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে। এ ওয়ার্ডের প্রবর্তক মোড়ে বৃষ্টিতে বুকসমান পানি ওঠে। পানি ঢুকে পড়ে দোকানপাটে। প্রবর্তক মোড়ের একাংশও পড়েছে এ ওয়ার্ডে।
একইভাবে মুরাদপুর মোড় থেকে শুরু করে ষোলশহর ২ নম্বর গেট মোড় পর্যন্ত বিভিন্ন এলাকা বৃষ্টিতে তলিয়ে যায়। তখন যান চলাচলও বন্ধ হয়ে যায় সড়কে। সড়কের আশপাশের বাসিন্দারা বলেন, বর্ষাকাল তাঁদের জন্য আতঙ্ক। প্রতিবার নির্বাচনের সময় প্রার্থীরা আশ্বাস দেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর সব ভুলে যান।
গত শুক্রবারের বৃষ্টির পর ওয়ার্ডের কাতালগঞ্জ ১ নম্বর সড়কে সোমবার গিয়েও দেখা গেছে পানি থই থই করছে। এলাকার পান দোকানি অসীম সাহা বলেন, ‘প্রতিবার বৃষ্টিতে এখানে পানি ওঠে। পানি ঢোকে আমাদের দোকানে।’
ওয়ার্ডের চশমা খালটিকে এখানকার বড় দুঃখ বলে চিহ্নিত করেছেন বর্তমান কাউন্সিলর। খালটির যত্রতত্র ময়লা-আবর্জনায় ভর্তি। এই খাল উপচে ২ নম্বর গেট ও মুরাদপুর এলাকায় পানি ওঠে।
কাউন্সিলর শামসুজ্জামান হেলালী এই খালের পাশাপাশি তাঁর ওয়ার্ডের নালা-নর্দমাও অপরিচ্ছন্ন থাকার কথা স্বীকার করে বলেন, ‘করপোরেশন যে খনন ও পরিচ্ছন্ন কাজ করেছে, তাতে আমাদের সম্পৃক্ততা সেভাবে ছিল না। সে জন্য এ সমস্যাগুলো পুরোপুরি সমাধান করা যায়নি।’
জলাবদ্ধতার পাশাপাশি ভাঙা রাস্তাঘাট এ ওয়ার্ডের আরেকটি সমস্যা। সরেজমিনে দেখা গেছে, শুলকবহর আবদুল লতিফ সড়ক, হামদু মিয়া সড়ক রমজু মিয়া লেইনের রাস্তাঘাট ভাঙাচোরা। খানাখন্দ রয়েছে নানা স্থানে। ওয়ার্ডের ষোলশহর রেলগেট এলাকায় প্রতিদিন বসে ভাসমান বাজার। রেললাইনের ওপর থেকে এ বাজার অনেকবার উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবার তা বসে। বিষয়টি স্বীকার করেন শামসুজ্জামান হেলালী।
ওয়ার্ডটিতে এবার ১১ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ৮০ হাজার ৮৮১ জন।