চট্টগ্রামে জাকাত মেলা শুরু হচ্ছে শুক্রবার
চট্টগ্রামে দুই দিনব্যাপী জাকাত মেলা আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে। গতকাল সোমবার নগরের জামালখানে চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) মেলা কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে এ মেলায় সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। মেলায় জাকাতবিষয়ক ডেস্ক, জাকাত গ্রহীতাদের তৈরি পণ্য ও বইয়ের স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলার দ্বিতীয় দিনে সকালে দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পাঁচ-সাত বছর আগে এক গবেষণায় দেখা গেছে, সঠিকভাবে হিসাব করলে বাংলাদেশে ৩০ হাজার কোটি টাকার জাকাত আদায় হবে। নতুন করে কোনো গবেষণা না হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বর্তমানে বাংলাদেশে বছরে ৬০ হাজার কোটি টাকার জাকাত আদায় সম্ভব। তিনি বলেন, এই সংস্থার মাধ্যমে জাকাতের টাকায় এ পর্যন্ত ১ লাখ ৪৬ হাজার ১৭০ জন উপকৃত হয়েছেন। জাকাত নির্ধারণে সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। আবার জাকাতের টাকা সঠিকভাবে ব্যয়ের জন্যও পরামর্শ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার জাকারিয়া আহমেদ প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।