চট্টগ্রামে জাগপার সভা রূপ নিল সাকার মুক্তির সভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও পার্শ্ববর্তী শহীদ মিনার চত্বরে ছাত্রলীগ গতকাল বুধবার একই সময় সভা ডেকেছিল। সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর কিছু হতে পারে, এই আশঙ্কায় কাউকেই কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। পরে জাগপা বিএনপির নাসিমন ভবন কার্যালয়ের সামনে সমাবেশ করে। তাদের ওই সভা বিএনপির বিতর্কিত নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবির সভায় রূপ নেয়।জানা গেছে, জাগপার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি মুসলিম ইনস্টিটিউটে সভা ডাকে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, জামায়াতের সাংসদ হামিদুর রহমান ছাড়াও জাগপার প্রধান শফিউল আলম উপস্থিত থাকবেন বলে নগরে পোস্টার সাঁটানো হয়।মুসলিম হলের উল্টোদিকে শহীদ মিনারে একই সময় গতকাল সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। তাদের দাবি, জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর কথা বলা হলেও মুসলিম ইনস্টিটিউটের সভা সাকা চৌধুরীর মুক্তির দাবিতে রূপ নিতে পারে বলে তাদের কাছে খবর ছিল। তাই তারা বিকেল তিনটায় শহীদ মিনার চত্বরে পাল্টা কর্মসূচি দেয়। গতকাল সকালে তারা শহীদ মিনার চত্বরে মাইক লাগিয়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জাগপা ও বিএনপির নেতারা মুসলিম হলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয়।জানা গেছে, পুলিশের বাধার কারণে জাগপার সভা নাসিমন ভবন চত্বরে এবং ছাত্রলীগের সভা আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজলের সামনে অনুষ্ঠিত হয়। নাসিমন ভবনের সমাবেশে বক্তারা আওয়ামী লীগের এবং দারুল ফজলের সমাবেশে বিরোধী দলের কঠোর সমালোচনা করা হয়।নগর বিশেষ শাখার সহকারী কমিশনার সৈয়দ মেজবাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জাগপা ও ছাত্রলীগ পাশাপাশি স্থানে একই সময় সভা ডাকায় আমরা দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানাই। দুই পক্ষই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভিন্ন ভিন্ন স্থানে সভা করে।’জাগপার সমাবেশ: গতকাল বিকেলে নাসিমন ভবন চত্বরের সভা কার্যত সাকা চৌধুরীর মুক্তির দাবির সভায় রূপ নেয়। জাগপার শফিউল আলম ছাড়াও সাকার স্ত্রী, ছোট ছেলে ও মেয়ে এবং বিএনপির স্থানীয় নেতারা সভায় বক্তৃব্য দেন।সমাবেশে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, ‘জিয়ার মৃত্যুর পর বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। আমিও বেরিয়ে এসেছি। আমি আপনাদের সঙ্গে থাকব।’সাকার ছোট ছেলে হুমাম কাদের (হুকা) চৌধুরী বলেন, ‘বাবাকে গ্রেপ্তারের পর অনেকবার চট্টগ্রামে এসেছি। কিন্তু পুলিশ আমাদেরকে বাসায় আটকে রেখেছিল।’ মেয়ে ফারজিন কাদের চৌধুরী বলেন, ‘আমার বাবা দেশবাসীর পক্ষে কথা বলেন বলে তাঁকে গ্রেপ্তার করা হয়। উনি (সাকা) যুদ্ধাপরাধী হলে লালদীঘি ময়দানে তাঁর বিচার হোক। একটি ছোট্ট ঘরে বাবার বিচার হতে পারে না।’ছাত্রলীগের সমাবেশ: দারুল ফজল মার্কেট চত্বরের সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই করতে হবে। যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলতে মুসলিম ইনস্টিটিউটে জাগপার ব্যানারে সভা ডাকা হয়েছে। মুক্তিযুদ্ধ পক্ষের ছাত্র-জনতা তা কোনোভাবে মেনে নেয়নি, ভবিষ্যতেও মানবে না।দারুল ফজল চত্বরের সমাবেশে নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন বক্তৃব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।