চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনা স্থগিত
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। আজ শুক্রবার বেলা তিনটায় চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।
সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে মেয়র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। গত বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আয়োজকদের পক্ষে বক্তব্য দেন।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল রাতে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় ক্রিকেট দলের অর্জনের ব্যাপারে আমরা সবাই শ্রদ্ধাশীল। তাদের সংবর্ধনা হোক, এটা আমরাও চাই। এই মুহূর্তে চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে অথবা শোডাউনের মতো ঘটনা ঘটতে পারে। তাই আয়োজনকারী সংস্থাকে এই অনুষ্ঠান স্থগিত রাখতে নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। রাতেই মাইকিংও করা হবে। নির্বাচনের পরে যেকোনো সময় অনুষ্ঠান করা যেতে পারে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক সিরাজউদ্দিন মো. আলমগীর গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে জানান, সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত রাখতে জেলা প্রশাসক তাঁকে মুঠোফোনে জানিয়েছেন। তবে কোনো লিখিত চিঠি পাননি। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে তাঁরা যোগাযোগের চেষ্টা করছেন। এরপর বিসিবির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।