বিতর্ক চর্চার মাধ্যমে আলোর পথে হাঁটবে শিক্ষার্থীরা
চট্টগ্রামে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তির পথে চলতে শেখায়। এর মাধ্যমে তারা আলোর পথে হাঁটবে। বিতার্কিকদের অন্ধকার গ্রাস করতে পারবে না। তারা মৌলবাদ ও জঙ্গিবাদে জড়াবে না। রয়েল সিমেন্ট-প্রথম আলো-দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আট দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। ২৯ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারা দেশের ২৪টি কলেজ, ১৬টি বিশ্ববিদ্যালয় ও ২০টি বিদ্যালয়ের প্রায় আড়াই শ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মোমেন বলেন, মানুষের মধ্যে দিন দিন বিশ্বাস কমে যাচ্ছে। দেশ ও বিশ্বজুড়ে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। অবিশ্বাসকে পুঁজি করে সবাই লাভবান হতে চায়। কিন্তু সমাজে টিকতে হলে ন্যূনতম বিশ্বাসের প্রয়োজন রয়েছে। সবার মধ্যে বিচারবোধ ও সুবুদ্ধি থাকতে হবে।
বিতার্কিকদের উদ্দেশে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, নওগাঁ জেলার ধামইরহাটের ঘোড়সওয়ার কিশোরী তাহমিনা আক্তারের নিজের কোনো ঘোড়া ছিল না। তারপরও জয়ের নেশায় প্রতিযোগিতায় অংশ নিত। আবার প্রতিযোগিতায় জয়ী হওয়ার পরও কোনো পুরস্কার পেত না। একইভাবে দারিদ্র্য নিত্যসঙ্গী হলেও দমে যাননি তরুণী মাবিয়া আক্তার। এসএ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। দারিদ্র্য তাঁদের সাফল্যে বাধা হতে পারেনি। তাঁদের মতো বাধা পেরিয়ে আলোর পথে এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সারোয়ার জাহান বলেন, বিতর্ক মানুষের মধ্যে সৃজনশীলতা বাড়ায়। বিতর্ক চর্চার মাধ্যমে মানুষ সহনশীল হয়। দেশের পরিবর্তনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন, রয়েল সিমেন্ট লিমিটেডের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সল নাসির খান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল প্রমুখ।