চট্টগ্রামে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন
জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষ ‘বিজয় হলে’ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিতরণের দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এম আবদুল লতিফ। সভা পরিচালনা করেন বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী চট্ট মেট্রোর (পশ্চিম) উদয় শেখর দত্ত।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বিদ্যুৎ সংকটের সমাধানে বর্তমান সরকারের অক্লান্ত প্রচেষ্টার ফসল হিসেবে স্থাপিত হয়েছে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র। যার সুফল পেতে শুরু করেছেন সবাই। তিনি বিদ্যুতের অপচয় রোধ এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
সাংসদ এম আবদুল লতিফ বলেন, ‘জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদ্যাপনের মাধ্যমে বিদ্যুৎকর্মীরা তাঁদের সেবার মান আরও উন্নত করবেন এবং গ্রাহকেরা জাতীয় স্বার্থে বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হবেন বলে আশা করছি।’