চট্টগ্রামে জাপার কর্মিসভা
চট্টগ্রামকে জাতীয় পার্টির ঘাঁটি বানাতে নেতা-কর্মীদের তাগিদ দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।
গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির এক কর্মিসভায় মন্ত্রী এ তাগিদ দেন। আগামী ১২ নভেম্বর লালদীঘি মাঠে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার জন্য এ কর্মিসভা ডাকা হয়।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দেশের মানুষ স্থিতিশীল রাজনীতি দেখতে আগ্রহী। ভাঙচুর ও নৈরাজ্যমূলক রাজনীতির বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। বর্তমানে বিরোধী দল গঠনমূলক রাজনীতি ও সমালোচনায় বিশ্বাসী। বিরোধী দল হিসেবে আমাদের দল সেই দৃষ্টান্ত তৈরি করতে চায়।’
কর্মিসভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘এরশাদের শাসনামলকে দেশের মানুষ স্বর্ণযুগ বলছে। তাই জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। সেভাবে আমাদের কাজ করে যেতে হবে।’ চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরীর সভাপতিত্বে কর্মিসভায় বক্তৃতা করেন চট্টগ্রাম নগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাংসদ মাহজাবীন মোরশেদ, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।