চট্টগ্রামে জামায়াতের ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা গতকাল বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল চট্টগ্রাম নগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
নগরের পলোগ্রাউন্ড, বাকলিয়া, কাজীর দেউড়ি ও প্রবর্তক মোড় এলাকায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো বড় ধরনের হাঙ্গামার খবর পাওয়া যায়নি কোথাও। দুপুরের পর থেকে রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বিশেষ শাখা) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘হরতাল চলাকালে নগরের পলোগ্রাউন্ড, বাকলিয়া ও কাজীর দেউড়ি এলাকায় শিবিরের চোরাগোপ্তা হামলা ছাড়া আর কোথাও কোনো সমস্যা হয়নি।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে নগরের পলোগ্রাউন্ড এলাকায় ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিল থেকে ককটেল ছোড়া হয়। এ সময় মিছিলকারীরা একটি বাস ও কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। বাসটিতে আগুন দেওয়ার চেষ্টার সময় আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
গতকাল সকাল সোয়া আটটার দিকে নগরের বাকলিয়া থানাধীন চামড়ার গুদাম এলাকায় টেম্পোতে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছেন শিবিরের কর্মীরা। পরে টেম্পোচালক ও স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
এ ছাড়া দুপুর সাড়ে বারোটার দিকে শিবিরের কর্মীরা নগরের কাজীর দেউড়ি মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটান। বেলা পৌনে দুইটায় নগরের প্রবর্তক মোড়ে স্বাভাবিক যান চলাচলের সময় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়।
হরতাল চলাকালে গতকাল সকাল থেকেই নগরের দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, লালখান বাজার, জিইসি মোড় প্রভৃতি এলাকায় রিকশা, অটোরিকশা, দু-একটি মিনিবাস, টেম্পো চলাচল করতে দেখা যায়। দুপুর থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে গতকাল দিনের বেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।