চট্টগ্রামে জামায়াতের ভারপ্রাপ্ত আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আহসান উল্লাহর বিরুদ্ধে নগরের তিনটি থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বাকলিয়া থানার দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। পলাতক থাকা অবস্থায় একটি মামলায় গত ১২ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে তাঁর বাকলিয়ার বাসা থেকে মালামাল ক্রোক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে জানান, আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া জানান, পেট্রলবোমায় নিহত সুভাষ সোম হত্যার ঘটনায় আহসান উল্লাহকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে আদালতে। আজ সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত ১৮ ফেব্রুয়ারি রাতে টাইগারপাস এলাকায় পেট্রলবোমা হামলায় ব্যবসায়ী সুভাষ সোম মারাত্মক দগ্ধ হন। গতকাল ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলায় আগামী বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। গতকাল রাতে চট্টগ্রাম মহানগর (উত্তর) শিবিরের প্রচার সম্পাদক স্বাক্ষরিত ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।