চট্টগ্রামে জামায়াত নেতা ফের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেককে কারাগার থেকে মুক্তির ২০ ঘণ্টা পর ফের কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জাফর সাদেককে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তবে তাঁর জামিন আবেদনের শুনানি হয়নি। গত ২৫ এপ্রিল পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান তিনি। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সর্বশেষ আরেকটি ভাঙচুরের মামলা যোগ হলো তাঁর বিরুদ্ধে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের নেতা জাফর সাদেককে নগর গোয়েন্দা ও পাঁচলাইশ থানার পুলিশ কারা ফটক থেকে গত সোমবার সন্ধ্যায় আটক করেছে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি নাশকতার পরিকল্পনা করতে পারেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। নগরের পাঁচলাইশ থানার একটি ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

মহানগর হাজতখানার ইনচার্জ এসআই জমির উদ্দিন জানান, পাঁচলাইশ থানার একটি ভাঙচুরের মামলায় জামায়াতের নেতা জাফর সাদেককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁকে গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।