চট্টগ্রামে জামায়াত-শিবিরের আরও ২৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নাশকতা সৃষ্টির মাধ্যমে আতঙ্ক ছড়ানো এবং বিস্ফোরক ব্যবহারের অভিযোগে জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সাতকানিয়া থেকেও আটজনকে গ্রেপ্তার হয়েছে। তাঁদের মধ্যে সাতজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে লোহাগাড়ায় পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আছেন। তাঁরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আইয়ুব ও বার আউলিয়া ডিগ্রি কলেজ শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ। তাঁদের গতকাল মঙ্গলবার সকালে নগরের চন্দনপুরা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, আইয়ুব ও শাহাদাৎ লোহাগাড়ায় পুলিশ কনস্টেবল তারেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এদিকে গত সোমবার চট্টগ্রামে জামায়াতের ডাকা হরতাল চলাকালে গাড়ি পোড়ানো এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে তাৎক্ষণিক চার কিশোরসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতে এবং গতকাল দিনভর অভিযান চালিয়ে আরও ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সোমবারের হরতালে নাশকতা সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগে আমরা আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছি।’ এদিকে সোমবারের হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে তিন কিশোরের বিরুদ্ধে বন্দর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সোমবার বিকেলে টেম্পোতে আগুন দেওয়ার সময় পুলিশ হাতেনাতে এ তিন কিশোরকে দুই বোতল পেট্রলসহ গ্রেপ্তার করে। বন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার অনিন্দিতা বড়ুয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে শিশু-কিশোরদের মাঠে নামানোর ঘটনায় আমরা উদ্বিগ্ন।’ সাতকানিয়ায় গ্রেপ্তার: সাতকানিয়া থানার পুলিশ সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সাতজন জামায়াত-শিবিরের কর্মী এবং একজন ইউনিয়ন পরিষদের দফাদার। গ্রেপ্তার হওয়া আটজন হলেন চরতি ইউনিয়নের দফাদার আনোয়ার হোসেন, পৌরসভার সামিয়ার পাড়া এলাকার রেজাউল করিম ওরফে লাদেন, ভোয়ালিয়া পাড়ার আমিনুল ইসলাম, ছদাহা আফজল নগরের হামিদুল হক ও জসিম উদ্দিন, বাজালিয়া ইউনিয়নের সাহাব উদ্দিন, জনার কেঁওচিয়া গ্রামের মো. এনামুল হক এবং কেঁওচিয়া নয়াপাড়া গ্রামের মোহাম্মদ লোকমান।