চট্টগ্রামে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন। তাঁরা একটি টেম্পো ও সড়কে টায়ারে আগুন দেন। এ সময় লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন। মুহূর্তের মধ্যেই ওই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় হঠাৎ একদল যুবক সিরাজদ্দৌলা সড়কে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ‘হরতাল, হরতাল’ বলে স্লোগান দেন। তাঁরা একটি টেম্পো ও একটি টায়ারে আগুন দিয়ে দ্রুত সটকে পড়েন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, জামায়াতের কর্মীরা টায়ারে আগুন দিয়েছেন। ঘটনাস্থলে এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রশিবিরের চট্টগ্রাম নগর সভাপতি মশরুর হোসাইন বলেন, ‘আমরা চকবাজারে হরতালের সমর্থনে মিছিল করেছি ও সড়কে টায়ার জ্বালিয়েছি।’