চট্টগ্রামে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জামায়াত-শিবির গতকাল শনিবার চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচলাইশে দুজন এবং অন্যজন কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার হয়। বগুড়া হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ডাকা প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী গতকাল সকালে নগরের বহদ্দারহাট থেকে একটি মিছিল বের করে। মিছিলটি কাপাসগোলার কাছাকাছি যাওয়ার পর পুলিশ দুই দিক থেকে তাদের ধাওয়া করে। এ সময় জামায়াতের কর্মীরা অলিগলিতে ঢুকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মো. মনজুর মোরশেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের শ দেড়েক নেতা-কর্মী বহদ্দারহাট থেকে একটি মিছিল নিয়ে কাপাসগোলার দিকে যাচ্ছিলেন। পুলিশ রাস্তার দুদিক থেকে তাঁদের ঘেরাও করে ধাওয়া দেয়। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে অলিগলিতে ঢুকে যায়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। যাচাই-বাছাইয়ের পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে চকবাজার থেকে ছাত্রশিবির আরেকটি ঝটিকা মিছিল বের করে। মিছিলে শতাধিক নেতা-কর্মী ছিল। পরে পুলিশ ধাওয়া করে চট্টগ্রাম কলেজের প্রথম বর্ষের একজনকে আটক করে।