চট্টগ্রামে হরতালের সময় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটিসহ তিনটি মামলা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম নগর পুলিশের তিন কর্মকর্তা চান্দগাঁও, পাঁচলাইশ ও পাহাড়তলী থানায় এ তিনটি মামলা করেন। তিনটি মামলায় আসামি ১৬ জন। প্রসঙ্গত, জামায়াতের নগর কমিটির আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিলের প্রতিবাদে গত বুধবার জামায়াত চট্টগ্রামে আধাবেলা হরতাল পালন করে। পুলিশ সূত্র জানায়, ওই দিন নগরের বিভিন্ন জায়গায় পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক ব্যবহার করে হরতাল সমর্থকেরা। পুলিশ জানায়, পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় করা দ্রুত বিচার আইনের মামলায় আসামির সংখ্যা যথাক্রমে তিন ও আটজন। তাঁদের মধ্যে নয়জন কারাগারে। অন্য দুজন পলাতক। উপপুলিশ কমিশনার (উত্তর) মিরাজউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই করে পাঁচলাইশ ও চান্দগাঁও থানার মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে, যারা হরতালের সময় পুলিশের ওপর হামলা এবং বিস্ফোরক ব্যবহার করেছে। এদিকে পাহাড়তলী থানায় করা মামলার আসামির সংখ্যা পাঁচজন বলে জানা গেছে। তাঁরা সবাই জামায়াতের কর্মী। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। ছাত্রলীগের অভিযোগ: এদিকে বুধবার হরতালের সময় আটক পাঁচজনকে ছেড়ে দেওয়ার অভিযোগে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল ইসলামের অপসারণ দাবি করেছে ছাত্রলীগ। গতকাল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত-শিবির বুধবারের হরতালের সময় তাণ্ডব চালিয়েছে। অথচ চান্দগাঁও এলাকায় ঘটনাস্থল থেকে আটক ১৩ জনের মধ্যে পাঁচজনকে ওসি ছেড়ে দেন। উপপুলিশ কমিশনার (উত্তর) মিরাজউদ্দিন আহমদ ছাত্রলীগের অভিযোগ অস্বীকার করে বলেন, যাচাই-বাছাই করে দেখা যায়, আটক ব্যক্তিদের মধ্যে পোশাক কারখানার শ্রমিক ও দিনমজুর ছিল। তাই পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে।