চট্টগ্রামে জামায়াতের আমিরসহ আটক ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামছুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের দেওয়ান বাজারে জামায়াতের কার্যালয় থেকে তাঁদের আটক করে কোতোয়ালি থানার পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের আসন্ন রায়কে কেন্দ্র করে নাশকতার জন্য জামায়াতের কার্যালয়ে বৈঠক চলছে। এ খবরের ভিত্তিতে পুলিশ দেওয়ান বাজারে জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে। সেখান থেকে কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।’

শাহ মুহাম্মদ আবদুর রউফ জানান, আটক জামায়াতের নেতা শামছুল ইসলাম ও নজরুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।