পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় জামায়াতের ডাকা গতকাল বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল শুধু চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। পিকেটিং করার সময়ে নগরের শাহ আমানত দরবার শরিফ সড়ক এলাকা থেকে শিবিরের দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য চার জেলায় হরতাল কর্মসূচি পালিত হয়নি৷
গত সোমবার চট্টগ্রাম নগর জামায়াতের আমির শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় এ হরতাল ডাকা হয়৷
গতকাল সকালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি৷ ব্যক্তিগত গাড়ি চলাচলও বন্ধ ছিল। বড় বিপণিবিতানগুলো খোলেনি। তবে গণপরিবহন চলাচল করে। অফিস-আদালতে উপস্থিতিও ছিল বেশ ভালো৷ চট্টগ্রামের সঙ্গে সব যাত্রাপথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। চট্টগ্রাম বন্দরে পণ্য ও কনটেইনার ওঠানামাও ছিল স্বাভাবিক। সকালের দিকে শাহ আমানত দরবার শরিফ সড়কে পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। রাঙামাটি শহরে সকালের দিকে ব্যক্তিগত গাড়ি চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসে। এ ছাড়া কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়ও কোথাও পিকেটিং হয়নি৷
(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি প্রতিনিধি৷)