নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ জামায়াত-শিবির সমর্থিত বিভিন্ন প্রতিষ্ঠান ও মেসে অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাতে নগরের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়। গতকাল রোববার সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুুলিশের নজরদারি ছিল। গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা-কর্মীরা হলেন, নগরের বক্সিরহাট ওয়ার্ড জামায়াতের আমির আবদুল মাবুদ ও চান্দগাঁও থানা জামায়াতের এক কর্মী। ওই কর্মীর নাম জানা যায়নি। পুলিশ সূত্র জানায়, ঢাকায় অনুষ্ঠেয় আজ সোমবারের কর্মসূচি উপলক্ষে জামায়াত-শিবির সংগঠিত হওয়ার চেষ্টা করে আসছিল। তারা গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে গোয়েন্দা তথ্য আছে। এ কারণে নগরের জামায়াতে ইসলামী চন্দনপুরার নগর কার্যালয়, চকবাজার, দেওয়ানবাজার, টেরিবাজার, কাতালগঞ্জ, বহদ্দারহাট, চান্দগাঁও, বায়েজিদ, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় আজ সোমবারের ১৮ দলের কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে চট্টগ্রাম ত্যাগ করেন। পুলিশের হয়রানি এড়াতে সাধারণ যাত্রী বেশে তাঁরা ট্রেন ও বাসে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এর পরও গতকাল রেলস্টেশন ও বাস টার্মিনালে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়েছে কি না, তা জানা যায়নি। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে পুলিশ নগরজুড়ে অভিযান অব্যাহত রেখেছে। আর সুনির্দিষ্ট অভিযোগ আছে এমন ব্যক্তিদের কেবল গ্রেপ্তারের নির্দেশনা আছে। নিরীহ কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না।