চট্টগ্রামে জামায়াতের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানা জামায়াতের আমির ফয়সল মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে নগরের চকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে নগর ও জেলায় অনেক মামলা আছে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনূসকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, কক্সবাজার ও বান্দরবানকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিচ্ছিন্ন রাখা হয়। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড ঘোষণার পরই জামায়াত-শিবির এ কাণ্ড ঘটায় বলে অভিযোগ রয়েছে। এ জন্য শাহজাহান চৌধুরীকে দায়ী করা হচ্ছে। আর তাঁকে যে কয়েকজন সহযোগিতা করেন, তাঁদের অন্যতম ছিলেন ফয়সল মোহাম্মদ ইউনূস। পুলিশ সূত্র আরও জানায়, ইউনূস ১৯৯৮-৯৯ সালে চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। ওই সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ছিল।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, জামায়াতের নেতা ইউনূসের বিরুদ্ধে নগর ও জেলায় নাশকতা, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনার মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।