চট্টগ্রামে জামায়াতের মেয়র প্রার্থীর নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী আলাদা প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিএনপির সঙ্গে জামায়াত জাতীয়ভাবে জোটবদ্ধ রাজনীতি করলেও চট্টগ্রামের এ নির্বাচনে স্থানীয় জামায়াত নেতারা বিএনপির সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেননি বলে জানা গেছে। জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থী হিসেবে সংগঠনের চট্টগ্রাম মহানগর নায়েবে আমির আফসার উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করেছে। তবে জামায়াত নেতারা চান, বিএনপি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নে এখনই তাঁদের সঙ্গে কথা বলুক।জামায়াতে ইসলামী চট্টগ্রামকে তাদের রাজনীতির অন্যতম শক্ত ঘাঁটি বলে মনে করে। জামায়াত সর্বশেষ ১৯৯৪ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল। সেবারও আফসার উদ্দীন ছিলেন জামায়াতের প্রার্থী। তিনি মোট ১৬ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। ২০০৫ সালের ৯ মে অনুষ্ঠিত সর্বশেষ মেয়র নির্বাচনে জামায়াতের কোনো প্রার্থী ছিল না। সেবার জামায়াতের একজন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।চট্টগ্রাম মহানগর জামায়াতের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ‘বিএনপি এখনো মেয়র নির্বাচন নিয়ে নিজেদের মতপার্থক্য নিরসন করতে পারেনি। এ নিয়ে আমাদেরও কিছু বলেনি তারা। আমরা তো আর তাদের দিকে চেয়ে থাকতে পারি না। এ জন্য নিজেদের প্রার্থী নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।’চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আফসার উদ্দিন আমাদের প্রার্থী। তবে আলাদা প্রার্থী দেওয়া কিংবা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা না করা নিয়ে কিছু বলার সময় এখনই নয়। দু-একদিনের মধ্যেই আমরা সবকিছু খোলাসা করব।’ তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে জামায়াতই হবে প্রধান নিয়ামক শক্তি। জামায়াতের প্রার্থী আফসার উদ্দিন বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। কাল (রোববার) কিংবা পরদিন আমি মনোনয়নপত্র সংগ্রহ করব।’ বিএনপি জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব নিয়ে চূড়ান্ত কথা বলার সময় এখনো আসেনি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘মেয়র পদে আমরা এখনো প্রার্থী ঠিক করতে পারিনি। এ সমস্যা শেষ হলেই দলীয়ভাবে জামায়াতের সঙ্গে আলোচনায় বসব। আমরা বিশ্বাস করি, অতীতের মতো আগামী দিনেও আমরা একসঙ্গেই নির্বাচন ও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব।’গতকাল জামায়াতের নগর কার্যালয়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একক অথবা জোটগতভাবে নির্বাচন নিয়ে জামায়াতের মধ্যেও মতভেদ আছে। দলের একাংশের নেতারা বলেন, চট্টগ্রামে বিএনপির বর্তমান কর্মকাণ্ড নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে। এ জন্য প্রার্থী দিয়ে জামায়াত সাংগঠনিক শক্তি দেখাতে চায়। তবে জামায়াতের অপেক্ষাকৃত নবীন নেতারা আলাদা নির্বাচনের পরিবর্তে জোটবদ্ধ নির্বাচনের পক্ষে।