চট্টগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া জামায়াতে ইসলামীর ডাকা আরেকটি হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
গতকাল রোববার সকালে নগরের হালিশহর এলাকায় মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করে। এ ছাড়া বাকলিয়া এলাকা থেকে জামায়াতের আরেক কর্মীকে আটক করা হয়।
গতকাল বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষ এমনিতে বাড়িঘর থেকে কম বের হয়েছে। তাই রাস্তাঘাটে ভিড় ছিল কম। তবে নগরে গণপরিবহন চলেছে। দূরপাল্লার গাড়ি চলেনি। ব্যক্তিগত গাড়ি রাস্তায় কম দেখা গেছে। গত বৃহস্পতিবারও হরতাল কর্মসূচিতে জামায়াতের কেউ মাঠে ছিল না।
হরতালের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে গতকাল সকালে সভা করেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া আর কোথাও আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেখা যায়নি। কারণ গতকাল নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি নিয়ে নেতা-কর্মীরা ব্যস্ত সময় কাটিয়েছেন।
গতকালের হরতাল কর্মসূচির সমর্থনে হালিশহর এলাকা ছাড়া আর কোথাও জামায়াতের নেতা-কর্মীদের পিকেটিং কিংবা মিছিল করতে দেখা যায়নি। হালিশহরে মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে এবং ধাওয়া করে পাহাড়তলী থানা এলাকার সীমান্ত থেকে আরও দুজনকে আটক করে। তাঁদের ব্যবহৃত একটি ভ্যানগাড়িও পুলিশ আটক করেছে।
এদিকে হরতালের কারণে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ক্লাস হয়নি। বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। বন্দরে পণ্য ওঠানামা হয়েছে। তবে পরিবহন হয়নি। রেল ও বিমান সূচি মেনে চলেছে।