চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় মহানগর জামায়াতের আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ১১৮ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। পাঁচলাইশ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সাজ্জাদ করিম খান মামলাটি করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৩ আসামিকে যথাসময়ে আদালতে হাজির করা হয়নি বলে মহানগর হাকিম মুনতাসির আহমেদ তাঁদের সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। আজ বুধবার এ-সংক্রান্ত নথি আদালতে উপস্থাপনের পর আসামিদের রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করতে পারেন আদালত। গত সোমবার বিকেলে নগরের মুরাদপুর মোড়ে জামায়াত-শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান জামায়াতের কর্মীদের হামলায় আহত হন। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে। যাচাই-বাছাইয়ের পর ২৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে বেশির ভাগ জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানা গেছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এজাহারভুক্ত ১১৮ আসামির মধ্যে ৩৭ জনকে আমরা নেতৃত্বদানকারী ও উসকানিদাতা হিসেবে চিহ্নিত করেছি, যাঁরা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয়ভাবে শীর্ষ পর্যায়ের নেতা। বাকি ৮১ জন সোমবার বিকেলে পুলিশের ওপর হামলার ঘটনায় অংশ নেন।’ ওসি ইসমাইল আরও বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনা পরিকল্পিত। এ কারণে আসামিদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে হবে। পলাতক আসামিদেরও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।’পুলিশ সূত্র জানায়, পলাতক আসামিদের মধ্যে সাংসদ শামসুল ইসলাম ছাড়াও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম হেলালীর নাম রয়েছে। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের যথাসময়ে আদালতে হাজির করা যায়নি। এ কারণে মহানগর হাকিম মুনতাসির আহমেদ আসামিদের সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।