চট্টগ্রামে জামায়াতের হরতালে রাজপথ ছিল আ.লীগের দখলে
জামায়াতে ইসলামীর ডাকা টানা দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল রোববার চট্টগ্রাম নগরে পিকেটারদের দেখা মেলেনি। রাজপথ দখলে রেখেছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মোটরসাইকেলে লাঠিসোঁটা হাতে বিভিন্ন সড়কে মিছিল করেছে হরতালবিরোধীরা।আগের দিন শনিবার রাতে নগরের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির টায়ার ও একটি সিএনজি অটোরিকশা পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ কারণে সকাল থেকে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রিকশার পাশাপাশি কিছু সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো ও কয়েকটি বাস দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল কিছুটা বাড়ে। তবে তা আগের দিনের ডাকা হরতালের চেয়ে কম ছিল।নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, গতকাল সকাল থেকে কোনো পিকেটার রাস্তায় নামেনি। তবে কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আবার আড়ালে চলে যান জামায়াতের কর্মীরা। নগরের সার্সন রোড, বাটালি রোড, চকবাজার, আগ্রাবাদসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ভীতি ছড়ানোর চেষ্টা করে পিকেটাররা।হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা নগরের বিভিন্ন মোড় ও এলাকায় শক্ত অবস্থান নেন। নগরের আন্দরকিল্লা, চকবাজার, লালখানবাজার, আগ্রাবাদ, বড়পোল, হালিশহর, দারুল ফজল মার্কেট, ওয়াসার মোড়সহ নগরের বিভিন্ন স্থানে তাঁদের অবস্থান দেখা গেছে। এসব জায়গায় হরতালবিরোধী সমাবেশও হয়। এ ছাড়া নগরে মোটরসাইকেল মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগ। এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গাড়ি নিয়ে ওই মিছিলে যোগ দেন।নগরের জামায়াত-শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চকবাজারের গুলজার মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হকের নেতৃত্বে সমাবেশ হয়। পরে সেখান থেকে হরতালবিরোধী বিশাল একটি মিছিল বের করা হয়। এ সময় হরতাল ও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দেন আওয়ামী লীগের কর্মীরা।এ ছাড়া জামায়াত-শিবিরের তাণ্ডব প্রতিরোধে গঠিত সর্বদলীয় প্রতিরোধ কমিটিও হরতালে নগরের বিভিন্ন স্থানে মিছিল করেছে। হরতালে যানবাহন কম থাকলেও ট্রেনযোগাযোগ ছিল স্বাভাবিক। বিভিন্ন উপজেলা সড়কে সিএনজি অটোরিকশা ও চাঁদের গাড়ির পাশাপাশি দু-একটি বাসও চলেছে। তবে তা ছিল খুব সীমিত। দূরপাল্লার কোনো বাস চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি। চট্টগ্রাম বন্দরে মালামাল ওঠানামা হয়েছে। পরিবহন হয়নি।এদিকে গতকাল বেলা পৌনে ১১টার দিকে বটতলী পুরোনো রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির জন্য প্ল্যাটফর্মে এসব রেখে আশপাশে দুর্বৃত্তরা অবস্থান করছিল বলে ধারণা করছে পুলিশ।চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন, ‘নাশকতা সৃষ্টির জন্য এই ককটেল রাখা হয়েছিল বলে মনে করছি। তবে কোনো দুর্ঘটনার আগেই আমরা তা উদ্ধার করতে পেরেছি।’ ককটেল দুটি কাগজের প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল।হরতালবিরোধী মিছিলে হামলা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন দক্ষিণ জুঁইদণ্ডী এলাকায় হরতালবিরোধী মিছিলে হামলা করেছে জামায়াত-শিবির। গতকাল রোববার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ একটি মিছিল বের করলে জামায়াত অতর্কিত এই হামলা করে। তারা মরিচের গুঁড়া ও পাথর নিক্ষেপ করে মিছিলকারীদের ওপর। এ সময় আওয়ামী লীগের অন্তত আটজন আহত হন।পরে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ গুলি চালায়। এতে জামায়াতের অন্তত তিন কর্মী আহত হন। তাঁদের মধ্যে মো. কামাল নামে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিবির অতর্কিত হামলা চালায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আটটি গুলি চালিয়েছি।’