চট্টগ্রামে জামায়াতের হরতালে সাড়া নেই
জামায়াতের ডাকা দিনব্যাপী হরতালে গতকাল রোববার চট্টগ্রামবাসী সাড়া দেয়নি। তবে নগরের কয়েক জায়গায় বিচ্ছিন্নভাবে হামলার চেষ্টা করে জামায়াত-শিবির। পুলিশের প্রতিরোধে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গতকালের হরতাল কর্মসূচিতে নগরে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল। সরকারি-বেসরকারি দপ্তরে স্বাভাবিক কার্যক্রম হয়েছে। কেবল দূরপাল্লার গাড়ির চাকা ঘোরেনি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা হয়েছে। স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে নগরের দু-এক জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন শিবির কর্মীরা।
গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নগরের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। পরে পুলিশ ধাওয়া করে ওই এলাকা থেকে শিবিরের দুই ক্যাডারকে আটক করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, চৌমুহনী এলাকায় টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে জামায়াত-শিবিরের সমর্থকেরা ককটেল ছুড়ে মারেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শিবিরের দুজন কর্মীকে আটক করে। এতে কেউ হতাহত হয়নি।
গতকাল সকাল পৌনে নয়টার দিকে নগরের পাঁচলাইশ থানার বায়েজিদ এলাকায় সেনাকল্যাণ সংস্থার পেট্রলপাম্পের কাছে যাত্রীবাহী একটি লেগুনায় যাত্রীবেশে দুর্বৃত্তরা উঠে পেট্রল ঢেলে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে লেগুনার চালক ও অন্য যাত্রীদের চিৎকার শুনে টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো. আবদুর রউফ বলেন, দুর্বৃত্তরা লেগুনায় যাত্রীবেশে ওঠে। গাড়ি থামলে তারা একটি প্লাস্টিকের বোতলে রাখা পেট্রল ঢালার চেষ্টা করে। পরে টহল পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে জামায়াত-শিবিরের সমর্থকেরা নগরের রাহাত্তারপুল ও গোলপাহাড় মোড় এলাকায় ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কেউ হতাহত হয়নি।