চট্টগ্রামে জামিন পেলেন আরও দুই চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চিকিৎসায় অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে করা মামলার আসামি দুই চিকিৎসক গতকাল মঙ্গলবার জামিন পেয়েছেন।
১০ জানুয়ারি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে মেহেরুন্নেছা নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম ও শামীমা ছিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়। মেহেরুন্নেছা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ভাতিজি।
গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসক মাহাবুবুল আলম ও শামীমা ছিদ্দিকী চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত পাঁচ হাজার টাকার বন্ডে আইনজীবীর জিম্মায় দুই চিকিৎসককে জামিন দিয়েছেন আদালত।’
মামলাটি তদন্ত করছে নগরের পাঁচলাইশ থানার পুলিশ।
এর আগে ভুল চিকিৎসার অভিযোগে করা মামলায় গত সোমবার জামিন পান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার রানা চৌধুরী।
১৯ জানুয়ারি মাহবুবুল আলম, শামীমা ছিদ্দিকী ও রানা চৌধুরীর বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা হয়। তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার বিকেল থেকে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে রোগীদের সেবা দেওয়া বন্ধ করে দেন চিকিৎসকেরা। এতে চরম ভোগান্তিতে পড়ে রোগী ও তাদের স্বজনেরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুরোধে গত রোববার বিকেলে কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকেরা।